বকশীবাজার খানকার রূহানী নসিহত: শো-কেস ধর্মীয়তা বনাম অন্তরের শুদ্ধি

বকশীবাজার খানকার রূহানী নসিহত: শো-কেস ধর্মীয়তা বনাম অন্তরের শুদ্ধি

কলাম লেখক ও গবেষক: কায়ছার উদ্দীন আল-মালেকী

বাহ্যিক প্রাচুর্যের ভেতর লুকিয়ে থাকা অন্তরের সংকটের এক জাগরণী ভাষ্য: ২১ রমজান ২০২৬। ঢাকার বকশীবাজারের ফকির জহুরুল হক মোবারকী খানকা শরীফ—একটি দিন, যা কেবল স্মরণ নয়, অনুভবেরও। খলিফাতুল মুসলিমীন, আমিরুল মুমিনীন হযরত আলী (রাদ্বি.)-এর শাহাদাত দিবস উপলক্ষে এখানে আয়োজন করা হয় ইফতারের। প্রায় সাত শতাধিক মানুষের উপস্থিতিতে পুরো পরিবেশ যেন এক আধ্যাত্মিক সমাবেশে রূপ নেয়—যেখানে ভিড় আছে, কিন্তু কোলাহল নেই; আছে এক ধরনের নীরব গভীরতা।

ইফতার শেষে গদীনশীন পীর সাঈদ আনোয়ার মোবারকী খুব সাধারণ ভঙ্গিতে বললেন— “একজন মেহমান আসবেন; আপনারা যারা থাকতে চান, থাকতে পারেন।”

বাক্যটি ছিল সংক্ষিপ্ত, কিন্তু প্রভাব ছিল গভীর। এতে কোনো আনুষ্ঠানিকতা ছিল না, ছিল আন্তরিকতা। কোনো নির্দেশ ছিল না, ছিল আমন্ত্রণ। সেই মুহূর্তেই মনে হলো—এখানে থেকে যাওয়ার মধ্যেই হয়তো কিছু পাওয়া আছে। তাই চলে যাওয়ার তাড়না থেমে গেল, শুরু হলো অপেক্ষা—শুধু একজন মেহমানের জন্য নয়, বরং এক বিশেষ সময়ের জন্য।

রাত বাড়তে থাকে। প্রায় ৯টার দিকে মেহমান আসার আগ পর্যন্ত পীর সাহেব কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন। পরে মেহমান বিদায় নিলে, রাত ১০টার পর সীমিত পরিসরে তিনি যে নসিহত পেশ করেন, তা যেন সরাসরি আমাদের সময়কে কেন্দ্র করে বলা—অস্বস্তিকর, কিন্তু সত্য।

তিনি বলেন—
আমরা এমন এক সময়ে বাস করছি, যেখানে মানুষের ভেতরের জগত সংকুচিত হয়ে যাচ্ছে। হিংসা, বিদ্বেষ, অপবাদ, বিশ্বাসঘাতকতা—এসব আর ব্যতিক্রম নয়, বরং দৈনন্দিন আচরণের অংশ হয়ে গেছে। মানুষ এখন মানুষকে ছোট করতে স্বাচ্ছন্দ্যবোধ করে। এই মানসিকতা শুধু ব্যক্তি নয়, সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।

ইবাদতের প্রসঙ্গে তিনি এক তীক্ষ্ণ পর্যবেক্ষণ তুলে ধরেন—
আজ আমলের পরিমাণ বেড়েছে, কিন্তু গুণগত মান কমেছে। নামাজ আছে, রোজা আছে, ধর্মীয় চর্চা আছে—কিন্তু এর অনেকটাই হয়ে গেছে ‘শো-কেস ধর্মীয়তা’। বাহ্যিকভাবে সব ঠিক, কিন্তু ভেতরে আন্তরিকতার ঘাটতি স্পষ্ট।

এরপর তিনি অতীত ও বর্তমানের একটি বাস্তব চিত্র তুলনা করেন—
এক সময় একটি মসজিদই ছিল কয়েকটি গ্রামের কেন্দ্র। একজন আলেম বা হাফেজ পাওয়া ছিল বিরল। শিক্ষা প্রতিষ্ঠান ছিল সীমিত, সুযোগও ছিল কম।

কিন্তু আজ প্রতিটি পাড়া-মহল্লায় মসজিদ, প্রতিটি এলাকায় স্কুল-কলেজ-মাদ্রাসা। ঘরে ঘরে শিক্ষিত মানুষ, ধর্মীয় জ্ঞানসম্পন্ন ব্যক্তি, এমনকি উচ্চপদস্থ কর্মকর্তা। সবকিছু যেন বাড়ছে—সংখ্যা, সুযোগ, কাঠামো।

কিন্তু পীর সাহেবের প্রশ্ন—
এই সবকিছুর মাঝে ‘ইখলাস’ কোথায় হারিয়ে গেল?

তিনি স্পষ্ট করে বলেন—
আজ আমাদের আমল আছে, কিন্তু ‘আদব’ নেই। অথচ আদব ছাড়া আমল টিকে না। যে আমলে শিষ্টাচার নেই, সেখানে একনিষ্ঠতা জন্মায় না। আর যে আমলে ইখলাস নেই, তা আল্লাহর কাছে মূল্যহীন।

তার ভাষায়—
“রিয়ামুক্ত ইবাদতই একমাত্র আমল, যা কিয়ামতের ময়দানে মানুষের পক্ষে কথা বলবে।”

অতীতের দিকে ফিরে তিনি বলেন—
সেই সময় হয়তো এত অবকাঠামো ছিল না, কিন্তু মানুষ ছিল খাঁটি। তাদের ইবাদত ছিল নিঃস্বার্থ, হৃদয় ছিল স্বচ্ছ।

আর আজ আমরা উন্নয়ন, সম্পদ আর অবস্থানের চূড়ায় দাঁড়িয়ে থেকেও ভেতরে ভেতরে শূন্য হয়ে যাচ্ছি—অনেকে অজান্তেই ভণ্ডামির আবরণে ঢেকে যাচ্ছি।

এই নসিহত কেবল একটি বক্তব্য নয়—এটি একটি আয়না, যেখানে আমরা নিজেদের দেখতে পারি।

শেষ পর্যন্ত প্রশ্নটা খুব সরল, কিন্তু গভীর—
আমরা কি সত্যিই আল্লাহর জন্য ইবাদত করছি, নাকি মানুষকে দেখানোর জন্য?

রাত শেষ হয়, মানুষ চলে যায়, আলো নিভে আসে—
কিন্তু কিছু কথা থেকে যায়, যা অন্তরে দীর্ঘ সময় ধরে আলো জ্বালিয়ে রাখে।

খানকার ঐতিহ্য, বর্তমান বাস্তবতা ও আত্মসমালোচনার আহ্বান:

এরপর তিনি বলেন—
অতীতে আজকের মতো মসজিদ-মাদ্রাসার এত ব্যাপক বিস্তার ছিল না; কিন্তু ছিল খানকা,দরবার বা দরগাহ—যা ছিল ইসলামের প্রাণকেন্দ্র। সেসব খানকা কেবল ইবাদতের স্থান ছিল না, বরং ছিল আত্মশুদ্ধির পাঠশালা, মানবিকতার কর্মশালা। সেখানে গিয়ে মানুষ শুধু ধর্ম শিখত না—ধর্মকে অনুভব করত, আত্মায় ধারণ করত।
যেসব সুফি-দরবেশ এই উপমহাদেশে ইসলামের দাওয়াত নিয়ে এসেছিলেন—তাঁদের অনেকেই আরবভূমি থেকে আগত বা আরবীয় আধ্যাত্মিক ধারায় গড়ে ওঠা মানুষ ছিলেন। তাঁদের জীবন ছিল স্বচ্ছ, নির্লোভ, নিবেদিত।

পীর সাহেবের ভাষায়—
সেই খানকাগুলো ছিল “খাঁটি দুধের মতো স্বচ্ছ”, আর সেসব সুফিদের সংস্পর্শ ছিল যেন “ঘন ঘি তৈরির প্রক্রিয়া”—যেখানে মানুষ পরিশুদ্ধ হয়ে সত্যিকারের মুমিনে পরিণত হতো।

এই খানকাগুলোর আধ্যাত্মিক আলোয় পুরো জনপদ আলোকিত হতো। মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করত—শুধু তর্কে নয়, চরিত্রে মুগ্ধ হয়ে; শুধু বয়ানে নয়, জীবনের বাস্তবতায় আকৃষ্ট হয়ে।

কিন্তু বর্তমান বাস্তবতায় এসে তিনি এক ধরনের বেদনাবোধ প্রকাশ করেন—
আজও খানকা আছে, দরবার আছে—কিন্তু অনেক ক্ষেত্রে তা কেবল ইট-পাথরের কাঠামোতে সীমাবদ্ধ হয়ে পড়েছে।

খানকার দায়িত্বশীলদের মধ্যে সেই প্রাচীন সুফিদের নৈতিকতা, আত্মত্যাগ, খোদাভীতি ও আধ্যাত্মিক গভীরতার অভাব স্পষ্ট হয়ে উঠছে।

তিনি তীক্ষ্ণভাবে একটি বাস্তব চিত্র তুলে ধরেন—
আজ অনেক ধর্মীয় প্রতিষ্ঠানে প্রবেশ করলেই চোখে পড়ে দানবক্স। যেন দানই হয়ে গেছে ধর্মীয় অনুশীলনের কেন্দ্রবিন্দু। যেন এক টাকা দিলেই সওয়াব নিশ্চিত, জান্নাত নিশ্চিত—এমন এক সরলীকৃত ধারণা সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে, যা ধর্মের গভীরতাকে ক্ষতিগ্রস্ত করছে।

এই প্রসঙ্গে তিনি নিজের অবস্থান স্পষ্ট করেন—
“দেখুন, ব্রিটিশ আমল থেকে এই খানকার খেদমত চলে আসছে। আমার পিতা থেকে আমি—এখানে কোনো দানবক্স, হাদিয়া বক্স বা চাঁদার রশিদ নেই। আমাদের পারিবারিক উপার্জন থেকেই সব খরচ পরিচালিত হয়। আমরা মানুষকে খাওয়াই, সেবা করি।”

এই বক্তব্যের মাধ্যমে তিনি একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি তুলে ধরেন—
সম্পদ নিজে কোনো মর্যাদার বিষয় নয়; বরং এটি একটি আমানত, একটি দায়িত্ব।

তিনি বলেন—
আল্লাহর পক্ষ থেকে সম্পদ প্রাপ্তি মূলত একটি বড় আমানত। তিনি যাকে ভালোবাসেন, তাকে সম্পদ দেন দ্বীন ও মানবতার খেদমতে নিয়োজিত করার জন্য। কিন্তু যাদের অন্তরে সংকীর্ণতা রয়েছে, তাদের সম্পদ হয় ক্ষণস্থায়ী অথবা নিছক পরীক্ষা। এমনকি আল্লাহ যাকে ভালোবাসেন না তাকেও সম্পদ দিতে পারেন, তবে তা কোনো বিশেষ অনুগ্রহ নয় বরং তা হতে পারে এক কঠিন পরীক্ষা কিংবা হেদায়েতের শেষ সুযোগ।

একটি আধুনিক উদাহরণ টেনে তিনি বিষয়টি সহজভাবে ব্যাখ্যা করেন—
যেমন একটি নতুন প্রিন্টার চালু করার আগে একটি টেস্ট পেজ প্রিন্ট করা হয়—সেটি সফল হলে মেশিন কার্যকর হয়। তেমনি সম্পদও এক ধরনের পরীক্ষা। যদি কেউ সেই সম্পদ সঠিকভাবে ব্যবহার করে—মানুষের উপকারে, আল্লাহর পথে—তাহলেই সে সফল।

তিনি স্পষ্ট করে বলেন—
যার মধ্যে কৃপণতা আছে, সে প্রকৃত অর্থে সম্পদের যোগ্য নয়। আর যার মধ্যে উদারতা আছে, তার হাত দিয়েই কল্যাণ প্রবাহিত হয়।

এখানে তিনি একটি বাস্তব প্রশ্ন উত্থাপন করেন—
অনেকে শত কোটি টাকার মালিক হয়েও এক মুঠো ভাত খেতে পারে না, আবার অসংখ্য মানুষ না খেয়ে থাকে—কেন?
এর উত্তর একটাই—সম্পদের সঠিক ব্যবহার না হওয়া।

তার মতে—
সম্পদ যদি ইসলাম ও মানবতার কল্যাণে ব্যবহৃত না হয়, তবে সেটি দুনিয়া ও আখিরাত—উভয় ক্ষেত্রেই বিপদের কারণ হয়ে দাঁড়ায়।

বর্তমান ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর প্রসঙ্গে তিনি এক ধরনের কঠোর আত্মসমালোচনার আহ্বান জানান। বলেন—
আজ অনেক প্রতিষ্ঠানই মানুষের দান-চাঁদার ওপর দাঁড়িয়ে আছে, কিন্তু প্রতিষ্ঠাতাদের ব্যক্তিগত অংশগ্রহণ বা ত্যাগ নেই। তারা দাতা হতে চায় না, বরং প্রতিষ্ঠানকে ভোগ করতে চায়—এটি একটি ভয়াবহ প্রবণতা।

বিশেষ করে কিছু সুফি দরবারের উদাহরণ দিয়ে তিনি বলেন—
অনেক বড় বড় মাজার বা দরবার মূলত ভক্তদের টাকায় পরিচালিত, অথচ সেখানে সংশ্লিষ্টরা বিলাসী জীবনযাপন করছে—যা সুফিবাদের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক।

পীর সাঈদ আনোয়ার মোবারকী এর মতে—
এটি শুধু একটি সামাজিক সমস্যা নয়, বরং সুফি পথের জন্যও হুমকি।

তিনি মনে করেন—ব্যক্তিগত সম্পদ থেকেও অংশগ্রহণ না থাকলে কোনো আধ্যাত্মিক প্রতিষ্ঠানের পূর্ণতা আসে না।

তবে তিনি পরিষ্কারভাবে বলেন—
এই কথাগুলো কাউকে ছোট করার জন্য নয়; বরং আত্মসমালোচনা ও মানসিক পরিশুদ্ধির জন্য।

এই নসিহতের সারাংশ এক গভীর উপলব্ধি—
ধর্ম কেবল কাঠামো নয়, কেবল আয়োজন নয়; এটি চরিত্র, দায়িত্ব এবং ত্যাগের নাম। আর সেই ত্যাগ যখন হারিয়ে যায়, তখন ঐতিহ্য থাকলেও তার প্রাণশক্তি নিঃশেষ হয়ে পড়ে।

ত্যাগ, সম্পদ ও আত্মিক বাস্তবতার শিক্ষা:
আলোচনার এ পর্যায়ে পীর সাঈদ আনোয়ার মোবারকী অত্যন্ত আন্তরিক ও ব্যক্তিগত এক স্বীকারোক্তির মাধ্যমে বিষয়টিকে আরও জীবন্ত করে তোলেন।

তিনি বলেন—
“দেখুন, সম্পদের প্রতি মায়া আমার নেই—এ কথা ঠিক নয়; মায়া অবশ্যই আছে। কিন্তু এ সম্পদ আমাকে একা ভোগ করার জন্য দেওয়া হয়নি। এতে মানুষেরও হক আছে। আমাদের উপার্জিত সম্পদের একটি বড় অংশ আসলে তাদের জন্যই নির্ধারিত।”

এই বক্তব্যে তিনি সম্পদের প্রতি একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি তুলে ধরেন—
সম্পদকে অস্বীকার নয়, বরং সঠিকভাবে ব্যবহার করাই প্রকৃত দায়িত্ব।

এরপর তিনি নিজের জীবনাচরণের একটি দিক তুলে ধরে বলেন—
“আমি আপনাদের সাথে প্রায় দশ ঘণ্টা সময় কাটাচ্ছি, আমার কাছে মোবাইল ফোন নেই রাখিনি, পরিবারের খোঁজ-খবরও নিচ্ছি না। এই ত্যাগ কেন?—শুধু মানুষকে আল্লাহমুখী ও রাসূলমুখী করার জন্য।”

এই কথাগুলো কেবল একটি বক্তব্য নয়—এটি এক ধরনের আত্মনিবেদন, যেখানে ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যকে পাশে রেখে বৃহত্তর উদ্দেশ্যকে অগ্রাধিকার দেওয়া হয়।

তিনি দৃঢ়ভাবে বলেন—
“আমি যদি আল্লাহর জন্য ত্যাগ করি, তাহলে আমার সব কিছুর দায়িত্ব আল্লাহ নিজেই নেবেন। কারণ তিনিই সর্বোত্তম হেফাজতকারী, তিনিই প্রকৃত নিরাপত্তাদাতা, তিনিই অন্তরের প্রশান্তির উৎস।”

এই অংশে তিনি যেন এক গভীর আস্থার শিক্ষা দেন—
ত্যাগ কখনো ক্ষতি নয়, যদি তা আল্লাহর জন্য হয়; বরং সেটিই প্রকৃত নিরাপত্তার পথ।

এরপর তিনি আলোচনাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকে নিয়ে যান—ধর্মের বাহ্যিকতা বনাম অন্তর্নিহিত সত্য।

তিনি স্পষ্টভাবে বলেন—
“আমাদের অনেক কিছুই আজ দুনিয়ামুখী করে তুলছে। আমরা মনে করি—দাড়ি, টুপি, জুব্বা—এসবেই ইসলাম সীমাবদ্ধ। অথচ ইসলাম এখানে নয়; ইসলাম আছে অন্তরে, কাজে এবং কথায় তার বাস্তব প্রয়োগে।” ইসলামে লেবাসে হলে এজিদ এবং তার অনুসারীরা বেশি ঈমানদার হত, তারা কারবালায় আজান দিয়ে ইকামাত দিয়ে নামাজ আদায় করে নবী পরিবারকে শাহাদাত করেছে!

তার এই বক্তব্য বর্তমান সমাজের একটি প্রচলিত ভুল ধারণাকে চ্যালেঞ্জ করে—
যেখানে অনেক সময় ধর্মকে শুধু বাহ্যিক পরিচয়ে সীমাবদ্ধ করে ফেলা হয়।

তিনি উদাহরণ দিয়ে বলেন—
পোশাক বা আচার-অনুষ্ঠান ধর্মের একটি অংশ—মূল নয়।

এগুলো হলো গাছের শাখা-প্রশাখার মতো; কিন্তু মূল হলো সেই শেকড়, যা চোখে দেখা যায় না, কিন্তু পুরো গাছকে বাঁচিয়ে রাখে।

অর্থাৎ—
ইসলামের প্রকৃত শক্তি বাহ্যিকতায় নয়, বরং অন্তরের বিশ্বাস, চরিত্রের সততা এবং কর্মের নৈতিকতায়।
এই নসিহতের সারাংশ দাঁড়ায়— সম্পদ, সময়, এমনকি নিজের স্বাচ্ছন্দ্য—সবকিছুই তখনই অর্থবহ, যখন তা মানুষের কল্যাণে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহৃত হয়।

আর ধর্ম তখনই পূর্ণতা পায়, যখন তা কেবল পরিচয়ে নয়—চরিত্রে, আচরণে এবং বাস্তব জীবনে প্রতিফলিত হয়।

ত্যাগের আহ্বান, আদবের দাওয়াত ও অন্তরের পরিশুদ্ধির শিক্ষা:
আলোচনার এক গুরুত্বপূর্ণ মুহূর্তে পীর সাঈদ আনোয়ার মোবারকী উপস্থিত মজলিশের সামনে এক কঠিন

কিন্তু দরদভরা প্রশ্ন ছুঁড়ে দেন—
“আমি ত্যাগ করছি, ব্যয় করছি—তবে আপনারা কেন নয়?”

এই প্রশ্নে কোনো অভিযোগ নেই, আছে জাগরণের ডাক। তিনি স্পষ্ট করে দেন—
এই ত্যাগ বা ব্যয় কোনো ব্যক্তির জন্য নয়, বরং মানবতার জন্য। কারণ মানবতাকে বাদ দিলে ইসলামের প্রকৃত রূপ আর অবশিষ্ট থাকে না।

তিনি বলেন—
“আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন। আমি যখন যা চাই, আল্লাহ তা দান করেন। কারণ তিনি আমার অন্তরের অবস্থা জানেন। আপনারাও সে পথে চলুন—আল্লাহ আপনাদের ইজ্জত রক্ষা করবেন।”

এই বক্তব্যে তিনি এক গভীর আস্থা ও সম্পর্কের কথা তুলে ধরেন—
আল্লাহর সাথে আন্তরিক সম্পর্ক গড়ে উঠলে দুনিয়ার অভাব-অভিযোগ মানুষকে ভেঙে দিতে পারে না।

এরপর খানকার প্রসঙ্গে তিনি একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি দেন—
“এখানে এলে সব সমস্যার সমাধান হয়ে যাবে—এমন কথা আমি বলি না। তবে বলি—আদব নিয়ে আসুন, আল্লাহ ও রাসূলের দিকে মন রেখে খেদমত করুন। তাঁর কাছে চাইুন—তিনি আপনাকে খুশি করবেন, খালি হাতে ফিরাবেন না।”

তিনি মনে করিয়ে দেন—
আল্লাহ দাতা, আর মানুষের জীবনে সমস্যা থাকবেই। তাই সমস্যাকে কেন্দ্র করে হতাশ হওয়া নয়, বরং ধৈর্য, অনুশোচনা ও দোয়ার মাধ্যমে আল্লাহর দিকে ফিরে যাওয়া—এটাই প্রকৃত পথ।

তার ভাষায়—
সমস্যা অনেক সময় তকদির বা নিজের কর্মফলের ফলাফল। তাই হতাশ না হয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ জারি রাখতে হবে—নিশ্চয়ই সমাধান আসবে।

এ পর্যায়ে তিনি মানুষের একটি মৌলিক দুর্বলতার দিকে দৃষ্টি আকর্ষণ করেন—
“আমাদের আসল সমস্যা দুনিয়ার অভাব নয়; বরং অন্তরের কৃপণতা ও কলুষতা। অথচ আমরা এগুলোকে গুরুত্ব না দিয়ে দুনিয়ার ধন-সম্পদ, আত্মমর্যাদা বা সামাজিক অবস্থানকেই বড় সমস্যা মনে করি।”

এই কথাগুলো যেন আত্মার গভীরে আঘাত করে—
কারণ এগুলো আমাদের ভুল অগ্রাধিকারকে সামনে নিয়ে আসে।

সবশেষে তিনি একটি ইতিবাচক অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান—
“মানুষের ভালো কাজের প্রশংসা করতে শিখুন। এতে আল্লাহ খুশি হন, আর মানুষের মাঝেও অনুপ্রেরণা সৃষ্টি হয়। অন্যরা ভালো কাজের পথে আগ্রহী হয়, সমাজে ইতিবাচক পরিবর্তন আসে।”

এই নসিহতের সারমর্ম—
ত্যাগ শুধু সম্পদের নয়, মানসিকতারও।
আদব শুধু আচরণ নয়, আত্মার পরিচয়।
আর ইসলাম কেবল ব্যক্তিগত সাধনা নয়—এটি মানবতার সেবার মধ্য দিয়েই পরিপূর্ণতা পায়। এই বার্তাগুলো শুধু শোনার জন্য নয়— জীবনের আয়নায় নিজেকে নতুন করে দেখার জন্য।

ত্যাগের বাস্তব প্রয়োগ: নেওয়া নয়, দেওয়ার মধ্যেই আধ্যাত্মিকতার সৌন্দর্য

আলোচনার এই অংশে পীর সাঈদ আনোয়ার মোবারকী এমন এক বাস্তব সত্য তুলে ধরেন, যা শুধু শোনার জন্য নয়—বরং বিবেককে নাড়া দেওয়ার মতো।

তিনি সরাসরি প্রশ্ন রাখেন—
“আজকের সমাজে আমাদের মতো পীর সাহেবরা নিজেদের উপার্জিত অর্থ থেকে কতটুকু মানুষের জন্য ব্যয় করছি?”

এই প্রশ্নে এক ধরনের আত্মসমালোচনার দরজা খুলে যায়। তিনি নিজের অবস্থানও স্পষ্ট করে বলেন—
“আমি যা কিছু করি, সব আমার নিজস্ব পরিশ্রম ও ব্যবসার টাকায়। এখানে কারো কোনো আর্থিক অনুদান নেই। আমি অনুদান নেব কেন?—আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছেন, আমার অভাব নেই; আর সেই অভ্যাসও নেই।”

এই বক্তব্য কেবল একটি ব্যক্তিগত ঘোষণা নয়—এটি এক নীতির প্রকাশ, যেখানে আধ্যাত্মিক নেতৃত্ব মানে কেবল গ্রহণ করা নয়, বরং দানের মাধ্যমে পথ দেখানো।

এরপরের দৃশ্যটি ছিল আরও তাৎপর্যপূর্ণ। তিনি উপস্থিত কয়েকজনকে ডেকে ডেকে ৪০০০, ৫০০০ টাকা করে দিচ্ছিলেন—কারণ সামনে ঈদ, আর অনেকের ঘরে প্রয়োজন আছে।
এটি ছিল নিঃশব্দ সহানুভূতির এক বাস্তব রূপ—যেখানে বক্তৃতা নয়, কাজই কথা বলছে।

তবে তিনি স্পষ্ট করে দেন—
“এগুলো যাকাত বা ফিতরার টাকা নয়।”
অর্থাৎ এটি বাধ্যতামূলক দানের অংশ নয়, বরং স্বতঃস্ফূর্ত মানবিকতা।
এই পর্যায়ে আমাকে ডেকে সবার সামনে পরিচয় করিয়ে দিয়ে তিনি হাদিয়া দিতে চাইলেন। আমি বিনয়ের সাথে তা গ্রহণে অনাগ্রহ প্রকাশ করি—কারণ আমার আসা ছিল না কোনো প্রাপ্তির জন্য। আমি এসেছিলাম একজন অনুসন্ধিৎসু মানুষ হিসেবে—সুফি দরবারের বাস্তব চিত্র বুঝতে, এখানে কী ঘটে তা কাছ থেকে দেখার জন্য।

পরে তাঁর অনুসারীদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা বলেন—
তিনি নিয়মিতই মানুষের সেবায় নিজের সম্পদ ব্যয় করেন।

সেই মুহূর্তে মনে হলো—
আমি যেন এক ভিন্ন জগতে এসে পড়েছি!
কারণ আমাদের পরিচিত বাস্তবতায় অনেক সময় দেখা যায়—পীর বা ধর্মীয় নেতৃত্বের আসনে থাকা ব্যক্তিরা গ্রহণের অবস্থানে থাকেন। কিন্তু এখানে দৃশ্যটা ছিল সম্পূর্ণ উল্টো—
এখানে একজন পীর দিচ্ছেন, বিলিয়ে দিচ্ছেন—তার ভক্তদের, সাধারণ মানুষকে।
এই অভিজ্ঞতা বিস্ময় জাগায়, কিন্তু একই সাথে আশার আলোও দেখায়।
কারণ এটাই তো হওয়া উচিত—আধ্যাত্মিকতার প্রকৃত রূপ, যেখানে নেতৃত্ব মানে ভোগ নয়, বরং ত্যাগ।

আমি স্বীকার করি—
এমন দৃশ্য আমি আরও কয়েকজন দরবারের পীর সাহেবদের মাঝেও দেখেছি। তাদের দানের পরিমাণ, ত্যাগের মানসিকতা এবং হাদিয়ার ব্যাপ্তি সত্যিই বিস্ময়কর।
এই অংশের শিক্ষা যেন খুব স্পষ্ট—
সুফিবাদ কেবল তত্ত্ব নয়, এটি বাস্তব জীবনের প্রয়োগ।
আর সেই প্রয়োগের সবচেয়ে সুন্দর রূপ হলো—
নিজে না চেয়ে, অন্যকে দেওয়ার ক্ষমতা অর্জন করা।

মুহাব্বতের সংকট ও নিঃস্বার্থ ভালোবাসার আহ্বান:

আলোচনার এ পর্যায়ে পীর সাঈদ আনোয়ার মোবারকী মানুষের সম্পর্ক ও ভালোবাসার বর্তমান বাস্তবতা নিয়ে এক তীক্ষ্ণ কিন্তু সত্যনিষ্ঠ মন্তব্য করেন।

তিনি বলেন—
আজকের দিনে “প্রেম” বা “মুহাব্বত”—এই শব্দগুলো অনেক ব্যবহৃত হলেও এর প্রকৃত অর্থ অনেকটাই হারিয়ে গেছে। ভালোবাসা এখন আর নিঃস্বার্থ আবেগ নয়; বরং তা অনেকাংশেই ‘মরাব ধহফ ঃধশব’—লেনদেনের সম্পর্ক হয়ে দাঁড়িয়েছে।

তার ভাষায়—
“যতদিন একজন দিতে পারে, ততদিন সম্পর্ক টিকে থাকে; যখন দেওয়া বন্ধ হয়, তখন সম্পর্কও নিঃশব্দে শেষ হয়ে যায়।”

এই কথাটি কেবল সামাজিক বাস্তবতার বর্ণনা নয়—এটি আমাদের সম্পর্কের ভঙ্গুরতা ও স্বার্থনির্ভরতার একটি নির্মম প্রতিফলন।

তিনি আরও বলেন—
আজ স্বার্থ ছাড়া কেউ কাউকে খোঁজে না। এমনকি একটি ফোন কল—সেটিও অনেক সময় প্রয়োজন বা স্বার্থের সাথে জড়িত।

এ প্রসঙ্গে নিজের অভ্যাসের কথা উল্লেখ করে তিনি বলেন—
“আল্লাহ আমাকে যে অবস্থানে রেখেছেন, সেখান থেকে আমি নিজ দায়িত্ববোধ থেকেই মানুষের খোঁজ-খবর নেই, নিজে থেকেই যোগাযোগ করি। কিন্তু…”
এখানে তিনি বাক্যটি অসম্পূর্ণ রেখেই যেন একটি নীরব প্রশ্ন ছুঁড়ে দেন—আমরা কি তা করি?
এরপর তিনি আলোচনাকে এক উচ্চতর আধ্যাত্মিক পর্যায়ে নিয়ে যান—
“আসুন, আমরা এমন মুহাব্বতের বন্ধনে আবদ্ধ হই, যে বন্ধন আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম হয়।”

তিনি একটি গুরুত্বপূর্ণ ইসলামী নীতির দিকে ইঙ্গিত করেন—
“আল-হুব্বু ফিল্লাহি ওয়াল-বুগদু ফিল্লাহ”
অর্থাৎ—আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্যই বিরাগ পোষণ করা।

এই নীতির ব্যাখ্যায় বোঝা যায়—
প্রকৃত ভালোবাসা তখনই পরিপূর্ণ হয়, যখন তা কোনো ব্যক্তিগত স্বার্থ, লাভ-ক্ষতি বা বিনিময়ের ওপর নির্ভর করে না; বরং আল্লাহর সন্তুষ্টির জন্য গড়ে ওঠে।
এই ধরনের মুহাব্বতই টেকসই, পবিত্র এবং আখিরাতে ফলপ্রসূ।

এই নসিহতের সারকথা—
আমাদের সম্পর্কগুলোকে নতুন করে মূল্যায়ন করতে হবে।
আমরা কি ভালোবাসি—নাকি শুধু প্রয়োজন মেটাই?
যদি ভালোবাসা আল্লাহর জন্য হয়, তবে তা কখনো ভেঙে যায় না।
আর যদি তা স্বার্থের ওপর দাঁড়িয়ে থাকে, তবে তা স্থায়ী হওয়ার কোনো ভিত্তিই নেই।
এই আহ্বান তাই কেবল আবেগের নয়—
এটি আত্মশুদ্ধি ও সম্পর্কের পুনর্গঠনের এক গভীর দাওয়াত।

ত্যাগের আলোয় আত্মশুদ্ধি:
পীর সাঈদ আনোয়ার মোবারকীর এই রূহানী নসিহত আমাদের যান্ত্রিক জীবনের শূন্যতা ও ‘শো-কেস ধর্মীয়তা’র বিপরীতে এক জাগ্রত দর্পণ। তিনি মনে করিয়ে দেন, ধর্ম কেবল বাহ্যিক লেবাস বা আচারে নয়, বরং এর প্রাণ নিহিত রয়েছে অন্তরের ইখলাস ও আচরণের আদবে। আধ্যাত্মিকতা মানে কেবল গ্রহণ করা নয়, বরং নিজের সামর্থ্যকে আর্তমানবতার কল্যাণে বিলিয়ে দেওয়া—যেমনটি তিনি নিজে আচরণের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন। পরিশেষে, স্বার্থের ঊর্ধ্বে উঠে আল্লাহর জন্য নিঃস্বার্থ ভালোবাসাই পারে আমাদের এই ক্ষয়িষ্ণু সমাজ ও আত্মাকে নতুন করে আলোকিত করতে। ত্যাগ ও আদবই হোক আমাদের আগামীর পথের দিশারি।

আরো পড়ুনঃ