আমি —বোধের আগুনে জাগ্রত

আমি —বোধের আগুনে জাগ্রত

আমি না দেহ, না মন,
না ইন্দ্রিয়, না চেতনার আসক্ত ধ্বনি—
আমি সেই নিঃশব্দ, যে শোনে সব শব্দ
কিন্তু কভু কোনো উচ্চারণে বাঁধা পড়ে না।

না আমি জন্মাই, না আমি মরি,
নিরবিচার, নিরাকার, নিঃশেষ আমি—
বেদ বলেছে—“ন জয়তে, ন ম্রিয়তে”
আমি শুধু নিজেকেই জাগিয়ে চলি অন্তঃক্ষেত্রে।

লোকে বলে সূর্য ওঠে, চাঁদ ডোবে,
যদিও সূর্য এবং চাঁদ
তার নিজস্ব জায়গায় অবস্থিত
তবু আমি তাদের আলো নই—
আমি সেই চৈতন্য, যে আলোকে দেখে
আলোকহীনেও জ্বলে আত্মার দীপ্তি।

পঞ্চভূতে আমি নাই,
তবু ভূত আমার শরীরের কড়ি—
আমি আকাশের মতো শূন্য,
তবু ভরিয়ে দিই বিশ্ব সংসার।

ধর্মের ধ্বজা, ধর্মগ্রন্থের পৃষ্ঠা
আমার ঠিকানা নয়—
আমি সেই অনন্ত সাক্ষী,
যার চক্ষুতে লুকিয়ে আছে সব কালের ইতিহাস।

আমি ‘তুয়ামস্মি’, আমি ‘অহম্ ব্রহ্মাস্মি’,
আমি এক, আমি অনেক,
আমি বলি না ‘তুই’— আমি ‘আমি’ বলেও
সব ‘তুই’ হয়ে থাকি, প্রেমে, প্রহ্লাদে, পরিতাপে।

যখন তুমি নিজেকে হারাও,
তখনই আমি ফিরে আসি—
তোমার হৃদয়ে নিঃশব্দে বলি,
“তুমি শুধু দেহ নয়, তুমি আমিই।”

– ফরহাদ ইবনে রেহান

আরো পড়ুনঃ