কারবালা আমার ভিতর (শানে কারবালা)
কারবালা আমার ভিতর
– ফরহাদ ইবনে রেহান
আমি কারবালায় যাইনি তবু,
প্রতিদিন সেখানে দাঁড়িয়ে থাকি-
নীরবতার হোসেন হয়ে,
সময়ের ইয়াজিদের সামনে।
আমার ভেতরে এক ফুরাত বয়ে যায়,
রক্তের মতো নয়, আগুনের মতো-
যেখানে পিপাসার নাম হয় আত্মা,
আর জল নয়, প্রয়োজন সত্য।
জান্নাত নয়, আমি চাই নির্লিপ্ত বুক
যেখানে দাঁড়িয়ে বলি—
না, আমি মাথা নত করবো না
মিথ্যার বেদির সামনে।
নামাজ শুধু সিজদা নয়,
নামাজ হলো দাঁড়িয়ে থাকা
একজন হোসেনের মতো,
যখন পৃথিবী নিঃশ্বাস ফেলে ভয়ে।
আমি আমার ভেতরের ইয়াজিদকে
প্রতিদিন হত্যা করি,
আর হোসেনকে বাঁচিয়ে রাখি
ভবিষ্যতের অপেক্ষায়।
কারবালা দূরে নয়, বন্ধু,
সে আছে আমার সিদ্ধান্তে,
আমার উপার্জনে, আমার ভালবাসায়,
আমার নীরবতায়।
আমি হোসেন, যদি আমি বলি-
আল্লাহু আকবর মানে সত্যের জয়।
আমি হোসেন, যদি আমি বলি-
ভয় নয়, প্রেমই আমার অস্ত্র।
কারবালা আমার ভেতরেই ঘটে,
যখন আমি না বলি অন্যায় কে।
কারবালা আমি, যদি আমি দাঁড়াই
একলা হয়ে সত্যর জন্য।






