জিনদের তালীম (হাসান বসরীর ঘটনা)
জিনদের তালীম: আবদুল্লাহ বলেন, একদিন ভোর বেলায় হযরত হাসান বসরীর সহিত একই জামাআতে নামায পড়িবার আশায় মসজিদে গমন করিলাম। মসজিদের দরজায় উপস্থিত হইয়া দেখিলাম দরজা বন্ধ এবং ভিতরে তিনি উচ্চ স্বরে দোআ করিতেছেন ও কয়েকজন লোক সঙ্গে সঙ্গে ‘আমীন! আমীন!’ বলিতেছে।
আমি মনে করিলাম হযরত হাসান বসরী তাঁহার শিষ্যগণের সহিত এই মোনাজাতে মশগুল আছেন। কিছুক্ষণ পর আমি দরজায় আঘাত করিতেই তিনি দরজা খুলিয়া দিলেন। আমি ভিতরে প্রবেশ করিয়া হযরত হাসান বসরীকে একাকী পাইয়া অবাক হইয়া গেলাম। ইহার পর ফজরের নামায পড়িয়া লোকজন বিদায় হইলে, এই ভেদ জানিবার জন্য তাঁহার খেদমতে ইচ্ছা প্রকাশ করিলাম।
তিনি বলিলেন, ‘সাবধান। কাহাকেও ইহা বলিও না। প্রকৃত ব্যাপার এই যে, প্রত্যেক জুমুআর রাতে এখানে জিন ও পরীরা আগমন করে। আমি তাহাদিগকে ধর্মের বিধান শিক্ষা দিয়া মোনাজাতে মশগুল হই এবং তাঁহারা আমার সঙ্গে ‘আমীন।’ ‘আমীন’ বলিতে থাকে।’
সূত্র: তাযকেরাতুল আউলিয়া






