রাজনৈতিক হত্যা ও ‘শাহাদাত’ শব্দের অপপ্রয়োগ

রাজনৈতিক হত্যা ও ‘শাহাদাত’ শব্দের অপপ্রয়োগ: ইসলামি দৃষ্টিকোণ থেকে একটি গভীর বিশ্লেষণ

কবি, গবেষক ও সুফিচিন্তক— কায়ছার উদ্দীন আল—মালেকী

ভূমিকা-
‘শহীদ’ — একটি সম্মানিত ও অলঙ্কৃত শব্দ, যা ইসলামের ইতিহাসে রক্তের অক্ষরে লেখা। কিন্তু বর্তমান সময়ের বাস্তবতায় এই শব্দটি প্রায়শই রাজনৈতিক সুবিধাবাদ, আবেগসর্বস্ব দলীয় ভাষণ এবং ক্ষমতার রাজনীতির মোড়কে ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক দলের নিহত নেতা—কর্মীদের ‘শহীদ’ বলে অভিহিত করা এখন একটি রেওয়াজে পরিণত হয়েছে। অথচ ইসলামী শরীয়তে শহীদ হওয়ার নির্দিষ্ট সংজ্ঞা, বিধান ও পবিত্রতা রয়েছে, যা কেবলমাত্র আল্লাহর রাস্তায় সত্য ও দ্বীনের জন্য প্রাণ বিসর্জনদাতাদের ক্ষেত্রেই প্রযোজ্য।

শহীদের সংজ্ঞা: কুরআন ও সহীহ হাদীসের আলোকে

আল্লাহ তাআলা ইরশাদ করেন:

“وَلَا تَقُولُوا لِمَنْ يُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتٌ ۚ بَلْ أَحْيَاءٌ وَلَٰكِنْ لَا تَشْعُرُونَ”

“আর যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে, তাদেরকে মৃত বলো না; বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা অনুধাবন করতে পারো না।”
— (সূরা আল—বাকারা: আয়াত ১৫৪)

রাসূলুল্লাহ ﷺ বলেন:

“من قاتل لتكون كلمة الله هي العليا فهو في سبيل الله”

“যে ব্যক্তি আল্লাহর কালিমাকে শ্রেষ্ঠ করার জন্য যুদ্ধ করে, সে—ই আল্লাহর পথে যুদ্ধ করে।”
— সহীহ বুখারী: হাদীস নং ২৮১০; সহীহ মুসলিম: হাদীস নং ১৯০৪

অন্য এক হাদীসে নবীজি ﷺ বলেন:

“الشهداء خمسة: المطعون، والمبطون، والغَرِق، وصاحب الهدم، والشهيد في سبيل الله”

“শহীদ পাঁচজন: (১) প্লেগে মৃত ব্যক্তি, (২) পেটের রোগে মৃত্যু, (৩) পানিতে ডুবে, (৪) ভবন ধসে মৃত, এবং (৫) আল্লাহর রাস্তায় নিহত।” — সহীহ বুখারী: হাদীস ২৮২৯; সহীহ মুসলিম: হাদীস ১৯১৫

অর্থাৎ, শহীদ সেই ব্যক্তি, যিনি আল্লাহর সন্তুষ্টি অর্জন ও দ্বীনের প্রতিষ্ঠার উদ্দেশ্যে জিহাদে অংশগ্রহণ করে শহীদ হন। এর বাইরের যেকোনো প্রকার মৃত্যু—যদি তা দুনিয়াবি স্বার্থ, দলীয় উদ্দেশ্য কিংবা গোষ্ঠীগত দ্বন্দ্বপ্রসূত হয়—তবে তা ‘শাহাদাতের মর্যাদা’ লাভ করে না।

ঐতিহাসিক প্রেক্ষাপট: প্রকৃত শহীদের গৌরবগাথা

  • ১। বদর যুদ্ধ (হিজরি ২য় সন): ইসলামের প্রথম সশস্ত্র জিহাদে অংশগ্রহণকারী ১৪ জন সাহাবি শহীদ হন—যাঁরা আল্লাহর দীন প্রতিষ্ঠার জন্য আত্মোৎসর্গ করেন।
  • ২। উহুদের শহীদ হযরত হামযা (রা.): রাসূলুল্লাহ ﷺ তাঁকে “سيد الشهداء” (শহীদদের নেতা) আখ্যায়িত করেছেন। — সহীহ মুসলিম: হাদীস নং ২৪১৬
  • ৩। কারবালার ইমাম হুসাইন (রা.): তিনি জালিম ইয়াজিদের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ইনসাফ রক্ষায় শাহাদাত বরণ করেন। তাঁর শাহাদাত রাজনৈতিক ক্ষমতার জন্য নয়, বরং আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য।

রাজনৈতিক হত্যা ও শহীদ শব্দের অপব্যবহার

আজকের বাস্তবতা হচ্ছে, অনেক রাজনৈতিক সংগঠন নিজেদের নিহত কর্মীদের শহীদ বলে দাবি করে—চিন্তা না করেই যে, সেই ব্যক্তি কী উদ্দেশ্যে, কোন প্রেক্ষিতে, কিসের জন্য মৃত্যুবরণ করেছেন।

রাসূলুল্লাহ ﷺ বলেন:

“من قَاتَلَ تحت راية عُمِّيَّةٍ، يَدْعُو عَصَبِيَّةً، أو يَنْصُرُ عَصَبِيَّةً، فَقُتِلَ، فَقِتْلَةٌ جَاهِلِيَّةٌ”

“যে ব্যক্তি অন্ধ গোত্রীয়তায় যুদ্ধ করে বা গোত্রীয়তার ভিত্তিতে সাহায্য করে এবং নিহত হয়, তার মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু।” — সহীহ মুসলিম: হাদীস নং ১৮৪৮

এ হাদীস দ্ব্যর্থহীনভাবে জানিয়ে দেয়, রাজনৈতিক বা গোত্রভিত্তিক স্বার্থে সংঘর্ষে নিহত ব্যক্তি ইসলামের শহীদ নয়।

শরীয়তের বাইরে কাজ করে শহীদের দাবিদার?

বর্তমানে বহু দল দ্বীনের নাম নেয়, কিন্তু তাদের কাজে শরীয়তের ছিটেফোঁটা নেই।

তারা দুর্নীতিগ্রস্ত,
গুম, হত্যা, ষড়যন্ত্রে লিপ্ত,
অন্যায়কে জায়েজ করতে দ্বীনকে ব্যবহার করে।

আল্লাহ বলেন:-

“يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لِمَ تَقُولُونَ مَا لَا تَفْعَلُونَ؟ كَبُرَ مَقْتًا عِندَ اللَّهِ أَنْ تَقُولُوا مَا لَا تَفْعَلُونَ”

“হে ঈমানদারগণ! তোমরা কেন এমন কথা বল যা তোমরা করো না? আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণার বিষয় এটি যে, তোমরা যা বলো তা করো না।” — সূরা আস—সাফ: আয়াত ২—৩

উপসংহার: সতর্কতা ও সত্য উপলব্ধির ডাক

শহীদ হতে হলে শুধু মৃত্যুবরণ নয়, দরকার আল্লাহর উদ্দেশ্য, দ্বীনের পক্ষে সংগ্রাম, এবং শরীয়তের অনুসরণ। দলীয় স্বার্থে সংঘর্ষে নিহত হওয়া, কিংবা ক্ষমতার লড়াইয়ে প্রাণ হারানো শরীয়তের দৃষ্টিতে শাহাদাত নয়। শহীদ শব্দের অপব্যবহার ইসলামের পবিত্রতা নষ্ট করে, শহীদদের মর্যাদাকে অবমূল্যায়ন করে।

আল্লাহ তাআলা বলেন:-

“أَفَتُؤْمِنُونَ بِبَعْضِ الْكِتَابِ وَتَكْفُرُونَ بِبَعْضٍ؟ فَمَا جَزَاءُ مَنْ يَفْعَلُ ذَٰلِكَ مِنكُمْ إِلَّا خِزْيٌ فِي الْحَيَاةِ الدُّنْيَا…”

“তোমরা কি কিতাবের এক অংশে বিশ্বাস করো আর অন্য অংশ অস্বীকার করো? যারা এমন করে তাদের জন্য দুনিয়াতে রয়েছে অপমান…” — সূরা আল—বাকারা: আয়াত ৮৫

শেষ কথা

আসুন, আমরা শহীদ শব্দের পবিত্রতা রক্ষা করি। শহীদদের মর্যাদা রাজনীতির হাতিয়ার না বানিয়ে, শরীয়তের আলোকে চিন্তা করি। শহীদ মানে শুধু মৃত্যু নয়, বরং সত্য, ত্যাগ ও আল্লাহর সন্তুষ্টির জন্য আত্মোৎসর্গ। রাজনৈতিক হত্যাকে শহীদ বলার আগে আমাদের উচিত চিন্তা করা—আল্লাহ কি সে মৃত্যুকে কবুল করবেন? না তা হবে জাহিলিয়াতের এক কলঙ্কময় পরিণতি।

আরো পড়ুনঃ