এখানে সবাই ভিন্ন।
এখানে সবাই ভিন্ন।
– শ্যামলী আক্তার
এখানে সবাই ভিন্ন। কেউ আকাশের মতো নীল, কেউ মাটির মতো গাঢ় খয়েরি, কেউ আবার আগুনের মতো লাল, কমলা মিশ্রিত। কারও রঙ চিৎকার করে, কারও রঙ ফিসফিস করে। কেউ রঙ ছড়ায় হাসির ঝলকে, কেউ লুকিয়ে রাখে চোখের কোণে।
আমরা অনেক সময় ভুলে যাই এই সহজ সত্যটা। আমরা নিজের প্যালেট থেকে রং তুলে নিয়ে অন্যের ক্যানভাসে লাগাতে চাই।
“এই নীলটা তোর জন্য ভালো হবে”, “একটু হলুদ মেশালে তুই আরও উজ্জ্বল হবি”, “এই ধূসরটা ছেড়ে দে, আমার মতো করে রাঙা”।
কিন্তু রং যখন জোর করে লাগানো হয়, তখন সে আর রঙ থাকে না সে হয়ে যায় দাগ। একটা অচেনা, অস্বস্তিকর দাগ, যা দেখে মনে হয় ছবিটা আর নিজের নয়। তাই আমি শিখেছি অন্যের ক্যানভাসে হাত না দেওয়াই ভালো।
দেখতে শেখা, মেনে নেওয়া, আর কখনো কখনো নিজের রঙের পাশে দাঁড়িয়ে শুধু বলা “তোর এই রঙটা আমার চেনা কোনো রঙ নয়, তবু খুব সুন্দর লাগছে।”
কারণ সত্যিকারের কাছাকাছি আসা তখনই হয়, যখন আমরা একে অপরকে নিজের রঙে ছেড়ে দিই। না বদলাতে চাই, না ঢেকে দিতে চাই শুধু দেখতে চাই, যেমনটা সে আসলে। আর সেই দেখাটাই বোধহয় সবচেয়ে নিরাপদ, সবচেয়ে মুক্ত ভালোবাসা।






