আমিত্ব, অহংকার দিয়ে তাসাউফ হয়না
আমিত্ব, অহংকার দিয়ে তাসাউফ হয়না, তরিকত বিনয়ের জায়গা।
বিনয়ীদের বৈশিষ্ট্য হিসেবে পবিত্র কুরআনে বলা হয়েছে:- “রহমানের বান্দা তারাই, মারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে।” (সূরা ফুরকান, ৬৩)
বিনয় মানবজীবনের অনন্য সৌন্দর্য। বিনয়ী মানুষকে সবাই ভালোবাসে। বিনয়ের মাধ্যমে সহজে ভালোবাসার বন্ধন তৈরি হয়। বিনয় ও নম্রতা মানুষের অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য। বিনয় মানুষকে উচ্চাসনে সমাসীন ও গ্রহণযোগ্য ব্যক্তিত্বে পরিণত করতে সহায়তা করে।বিনয়ীকে মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে। যে যতবেশী বিনয়ী ও নম্র হয় সে তত বেশী উন্নতি লাভ করতে পারে। এ পৃথিবীতে যারা আজীবন স্মরণীয় ও বরণীয় হয়ে মানুষের হৃদয়ের মণিকোঠায় আসন লাভ করে আছেন তাদের প্রত্যেকেই বিনয়ী ও নম্র ছিলেন।
বিনয়ী সবার চোখে বড়। মাটির মানুষকে সব সময় থাকতে হবে মাটির মতো বিনয়ী। বিনয় হলো মাথার মুকুট। যা শোভা-সৌন্দর্য বাড়িয়ে অন্যদের চোখে তাকে করে তোলে শ্রদ্ধাশীল ও মর্যাদাবান। সেই ছোটবেলা থেকে বিনয় ও ভদ্রতার উপদেশ শুনতে শুনতে বড় হয়েছি আমরা। রাস্তাঘাটে চলার পথে লেখা থাকে- ব্যবহারে বংশের পরিচয়। তবুও অশান্ত এই পৃথিবী। চারদিকে মানুষে মানুষে হানাহানিতে পাল্টে যাচ্ছে ব্যবহারের পরিচয়।
প্রযুক্তির বদৌলতে আমরা অনেক কিছু পেয়েছি। সেই সঙ্গে হারিয়েছিও অনেক মূল্যবান কিছু। যান্ত্রিক জীবনে আমাদের মধ্য থেকে দিন দিন বিনয় ও হাসি মুখের সরল সম্ভাষণ হারিয়ে যাচ্ছে। নিতান্ত পরিচিত কিংবা বন্ধু-বান্ধব ছাড়া আমরা কারও সঙ্গে হাসি মুখে কথা বলতে নারাজ।
– Hedayatuj Jaman Nur






