হৃদয়ের মিনতি
দূর মোটেই দূর নয় যদি মোহাব্বত দিলে থাকে, যদি দিল দিয়ে মোহাব্বত উপলব্ধি কর, তাহলে আমি তোমার দিলের মধ্যেই রয়েছি। আমরা উপলব্ধি করি দিল দিয়ে, আমরা মোহাব্বত দিল দিয়ে অনুভব করি, হৃদয়ের অনুভূতি দিয়ে তাঁর স্বাদ উপভোগ করি, সকল রূপ,রস,আনন্দ ও বেদনা মোহাব্বতের আকর্ষণ-বিকর্ষণ।
তীর্যক বিরহ, বেদনা, যাতনা ও বিচ্ছেদ গুলো ইশকের লক্ষণ। এই মোহাব্বতের বীজ যার দিলের গহীনে প্রস্ফুটিত হয়, সে হুশের মধ্যে বেহুশ, হালের মধ্যে বেহাল, বেকারার। সে ইশকের দহনে ছটফট করে, মোহাব্বত এমন এক রাজ, যা বাদশাকে ফকির বানিয়ে দেয়, সম্রাটকে গোলাম বানিয়ে দেয়। এই মোহাব্বতই জীবন, এই মোহাব্বতেই হাস্তি মিটে যায়, খুদি কুরবান হয়ে যায়, মোহাব্বত মাসুম, মোহাব্বত নিষ্পাপ, মোহাব্বত নির্মূল, মোহাব্বত নূরময়, মোহাব্বত জ্যোঁতিরময় ।
এই মোহাব্বতের চৌকাঠে মাথা ঠুকিয়ে ঠুকিয়ে কেহ মাস্তানা হয়েছে, কেহ দেওয়ানা হয়েছে, কেহ বেদম হয়েছে, কেহ মনসুর হয়েছে, কেহ ইউসুফ হয়েছে, কেহ মুহাম্মদ হয়েছে, কেহ আজাজিল হয়েছে, কেহ নাদান হয়েছে, কেহ বরবাদ হয়েছে, কেহ মিসকিন হয়েছে, কেহ বেহায়া হয়েছে, কেহ বেলাজ হয়েছে, কেহ ল্যাংটা হয়েছে, কেহ চৈতন্য হয়েছে, কেহ নির্বাক হয়েছে, কেহ নির্বান হয়েছে।
হে মোহাব্বতের বাদশা তোমার কারামত ও মুজিজা কি প্রকাশ করব, তোমাকে যে এক নজর মোহাব্বতের নজরে দর্শন করে, সে নিজেই কারামত হয়ে যায়। মোহাব্বত কারামত, মোহাব্বত মুজিজা, মোহাব্বত নবুওয়ত, মোহাব্বতই রেসালাত। মোহাব্বতে আশেক বাচেঁ, মোহাব্বতেই আশেক ডুবে যায়। আশেক মোহাব্বত, আর মোহাব্বতই আশেক।
নিবেদক:
আর এফ রাসেল আহমেদ






