মোর দিল কাবায় পেতেছি আসন… (আধ্যাত্মিক কালাম)
মোর দিল কাবায় পেতেছি আসন
-সেখ আমির উদ্দিন।
মোর দিল কাবায় পেতেছি আসন
তোমায় বসাবার নিয়ত করে
করো পূরণ সাঁই নিরঞ্জন
রেখোনা আমায় দূরে।।
আহাদ জাতি নিরাকারে
আহম্মদি বর্যখ ধরে
মধুর সৃজন মূল পাক পাঞ্জাতন
মুহম্মদি বোরখা পড়ে।।
গঞ্জে মুখফির গোপন ঘরে
নিরাকারে আকার বিরাজ করে
রঙমহল খাঁচার ভিতরে
আসে গোপন পথ ধরে।।
তোমার পরশে দিল উজালা
করিতে চাই এবেলা
দিও তব নূর তাজেল্লাহ
অধমের এই অন্তরে।।
নুরুল আলা নূরের খনি
ওগো মুর্শিদ গুণমণি
তোমার ধনে যেজন ধনী
ধন্য সে এই সংসারে।।
আমির উদ্দিন এর আছে আসা
তোমায় নিয়ে বাঁধবে বাসা
ওগো গাজী ইসমাঈল শাহ
রেখো তোমার প্রেম নজরে।।






