ভালো-মন্দের লড়াই (শিক্ষনীয় গল্প)
ভালো-মন্দের লড়াই
শ্যামলী আক্তার
এক প্রাচীন রাজ্যে দুই ধরনের মানুষ ছিল। পাহাড়ের উপরে থাকত শক্তিশালী যোদ্ধা-রাজপুত্ররা। তারা গর্বিত, স্বাধীন, সাহসী। তাদের কাছে ভালো মানে শক্তি, সৌন্দর্য, বিজয়। দুর্বলকে তারা তুচ্ছ মনে করত, ঘৃণা করত না শুধু অবজ্ঞা করত।
উপত্যকায় থাকত দাস-কৃষকরা। তারা প্রভুদের শক্তি দেখে ক্ষোভে জ্বলত। তারা বলল, “শক্তি মানে নিষ্ঠুরতা, গর্ব মানে পাপ। নম্রতা, দয়া, ক্ষমা এটাই আসল ভালো।” এভাবে তারা নিজেদের দুর্বল তাকে গুণ বানাল, প্রভুদের গুণকে পাপ ঘোষণা করল।
সময় গড়াল। উপত্যকার লোকেরা সংখ্যায় বাড়ল, তাদের নতুন “ভালো” ছড়িয়ে দিল। শেষে রাজ্যের বেশিরভাগ মানুষ বিশ্বাস করল নম্র যে, সে-ই মহান; শক্তিশালী যে, সে-ই মন্দ।
প্রভুরা দেখল, যে জীবন তারা উদযাপন করত, সেটাই এখন ঘৃণিত। আর যে দুর্বলতা তারা অবজ্ঞা করত, সেটাই সবচেয়ে বড় গুণ হয়ে উঠল।
দুই ধরনের “ভালো”র লড়াই চলতেই থাকল একটা জীবনকে জয় করে, আরেকটা জীবনকে দমিয়ে।






