যে কারণে আমার ঈশ্বর আমাকে ত্যাগ করেছে

যে কারণে আমার ঈশ্বর আমাকে ত্যাগ করেছে

আমি জানি আমি দেহ নই। আমি অনুভব করি যে আমি দেহ নই। তাই বলে কি আমি আমার এ দেহের উপর অত্যাচার করার অধিকার রাখি? আমার এ দেহই কি আমার বহন নয়? আমি কি এ দেহ ব্যতীত চরমে পৌঁছাতে পারবো?

আমি আমার দেহের সাথে অন্যায় করছি। আমি তাকে তিলে তিলে হত্যা করছি। যে আমাকে চরমে পৌঁছে দেবে আমি তাকেই হত্যা করছি। সমাজ আর পরিবার আমাকে কোন এক অদৃশ্য জালে বেঁধে রেখেছে। এটাই হয়তো বা আমার শেষ বাঁধন।

আমি নিজেকে মুক্ত করেছিলাম সব কিছু থেকেই। আমি খুব শীঘ্রই চরমে অবগাহন করতে যাচ্ছিলাম। হঠাৎ করে ধোঁকায় পড়ে গেলাম। এই ধোকা আমাকে চরমে অবগাহন করা থেকে আটকে দিলো। আমি সমাজের দেওয়া এক নিয়মে বাঁধা পড়ে গেছি।

আমার এই নিজেকে নিয়ে হাসি পায়। এতো বড় বড় সাগর আমি পাড়ি দিয়ে শেষমেশ এক বালির স্তুপে আটকা পড়েছি। আমি সমাজের তৈরি কাগজের বাঁধনে আবদ্ধ হয়ে আটকে গেছি। তুচ্ছ কাগজের টুকরাগুলো আমাকে আটকে দিয়েছে।

আমি টুকরো কাগজগুলো একত্র করাকে নিজের দায়িত্ব হিসেবে গ্রহণ করছি আর নিজের দেহের উপর অমানবিক নির্যাতন করছি। আমি সমাজের নিয়মে আবদ্ধ। আমি ভুলে গেছি সমাজের তথাকথিত নিয়মের বাইরে ও যে নিয়ম সেটা মেনে চলাই ছিল আমার কর্তব্য।

এরই সাথে আমি আরো কিছু জিনিসকে জড়িয়ে ফেলেছি। এর সাথে আমি আমার পরিবার, মান সম্মান আরো কত কি যে জড়িয়ে বসে আছি তার হিসেব নেই। অথচ এগুলোর কিছুর মুখাপেক্ষী আমি ছিলাম না।

এখন আমি আবার আমার থেকে বহু ক্রোশ দূরে অবস্থান করছি। এখন আর আমি শুধু আমি নই, হয় গেছি আমরা। আমি, আমার দেহ, সেই প্রতিবন্ধকতা মিলে একাকার। একজন আর আমি একলা নই। জঞ্জালে আবদ্ধ একগুটি সত্তা। তাই আমার কোনো কথা এখন আর ঈশ্বর পর্যন্ত পৌঁছায় না। আমার প্রতিটি কথা প্রতিটি প্রার্থনা হয়ে যাচ্ছে আমি ও আমার সাথে জড়িয়ে থাকা আবর্জনাদের ঘিরে।

তাই আমার ঈশ্বর ও আমাকে ত্যাগ করেছে।

– AR Junaid Hasan Shuvo

আরো পড়ুনঃ