আমি ভন্ড খুঁজতে গিয়েছিলাম, পরে দেখলাম আমিই সবচেয়ে বড় ভন্ড।

আমি ভন্ড খুঁজতে গিয়েছিলাম, পরে দেখলাম আমিই সবচেয়ে বড় ভন্ড।

আমি ভন্ড খুঁজতে গিয়েছিলাম, পরে দেখলাম আমিই সবচেয়ে বড় ভন্ড। আমি সকাল বিকেল কালেমা পড়ে বলি আল্লাহ্ ছাড়া আর কোনো কতৃত্বের অধিকারী নেই। অথচ আমি আমার মনের কতৃত্ব দিয়ে রেখেছি শয়তানকে। আমি মুখে বলি একটা আর কর্ম করি আরেক তাহলে কি আমি ভন্ড নই?

আমি কাফের খুঁজতে গিয়েছিলাম, পরে দেখলাম আমি নিজেই বড় কাফের। মহান প্রভু আমার কলবের সপ্তম স্তরের নফসির মোকামে অবস্থান করছেন অথচ আমি তাঁকে দেখতে পাচ্ছি না। আমি আমার কলবের পর্দা দ্বারা প্রভুকে ঢেকে রেখেছি তাহলে আমি কি কাফের নই?

আমি দাজ্জাল খুঁজতে গিয়েছিলাম, পরে দেখি আমি নিজেই বড় দাজ্জাল। আমি দেখলাম আমার এক চোখ আছে আর আরেক চোখ বন্ধ। আমার জাহেরী চক্ষু খোলা আছে কিন্তু আমার অন্তর চক্ষু বন্ধ। আমার আত্মা যে পশুতে পরিণত হয়েছে সেটা মুমিনগণ দেখেই চিনে ফেলেন। মাঝে মাঝে মনে করি আমার কপালে কি “কাফ” “ফা” “রা ” শব্দগুলো লেখা আছে নাকি। তাহলে আমি কি দাজ্জাল নই?

আমি জাহান্নামী খুঁজতে গিয়েছিলাম, পরে দেখি আমি নিজেই জাহান্নামী। মায়ের গর্ভে যে দশমাস ছিলাম তখন থেকেই হয়তোবা আমার জাহান্নামের জীবন শুরু। আলো বাতাস বিহীন আমি দশমাস জীবনযাপন করেছি মায়ের রক্ত খেয়ে। আমি পৃথিবীতে এসেই কান্না শুরু করেছি চারপাশের মানুষদের কাছে কষ্টের মাত্রা ব্যাখা করতে। প্রতিনিয়ত আমার এ দেহ আমাকে শাস্তি দিচ্ছে, আমি প্রতিদিন যন্ত্রণার আগুনে পুড়ছি। আমি কি জাহান্নামী নই?

আমি নাস্তিক খুঁজতে গিয়েছিলাম, পরে দেখলাম আমি নিজেই বড় নাস্তিক। আমি মুখে বলি আল্লাহ্ আছেন তিনি আমার জীবন মৃত্যু আর রিজিকের মালিক। কিন্তু আমি অন্তরে তা কখনোই বিশ্বাস করতে পারিনা। তাইতো আমি আজ থেকে দশ বছর পর কি খাবো সেটা ও মজুদ করে রেখেছি। অথচ আমার কালকে বাঁচার সম্ভাবনা শূন্যের চেয়ে ও কম। আমি বলছি আমার রিজিকের মালিক আল্লাহ অথচ আমি দিন দুপুরে কলমের খোঁচায় অন্যের সম্পদ হরণ করছি। আমি কি নাস্তিক নই?

কিন্তু এরপর আমি আশ্চর্য হলাম!!

আমি ফকির খুঁজতে গিয়েছিলাম। কিন্তু আমি দেখলাম আমি ফকির হতে পারি নি। কেনো সেটা আমার জানা নেই। আমি দেখলাম শীতে যখন তাপমাত্রা ঋণাত্মক তখনও একজন ফকির খালি গায়ে দাঁড়িয়ে বলছে আমি শাহেনশাহ। আফসোস আমি ফকির হতে পারলাম না।

আমি মানুষ খুজতে গিয়েছিলাম সুদুর কুষ্টিয়ায় লালনের কাছে। গিয়ে দেখলাম আমি নিজেই মানুষ হতে পারি নি। ওখানে বড় করে লিখে রেখেছে “মানুষ ছাড়া ক্ষেপারে তুই মূল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি”। আমি এ কথার অর্থ সেদিন বুজতে পারি নি। তাই আমি এক সাধুকে জিজ্ঞেস করেছিলাম।

অতঃপর আমার গায়ে কাঁটা দিয়ে উঠলো। আমি একি শুনলাম। অতঃপর আমি কোথায় যেনো হারিয়ে গেলাম। আমি আর নিজেকে খুঁজে পাই নি। এখনো পর্যন্ত না!

– AR Junaid Hasan Shuvo

আরো পড়ুনঃ