তুমি যা লুকিয়ে রাখতে চাও-সেইসব নিয়ে প্রেম আসে তোমার দরজায়

তুমি যা লুকিয়ে রাখতে চাও-সেইসব নিয়ে প্রেম আসে তোমার দরজায়

তুমি যা লুকিয়ে রাখতে চাও—অহং, ভয়, ক্ষোভ, বাসনা, অভিমান—সেইসব কিছুই নিয়ে প্রেম আসে তোমার দরজায়। সে বলে না, “নিজেকে বদলাও, তারপর এসো”, বরং বলে, “সব দাও আমাকে, যেমন আছো তেমন করে এসো”। কারণ প্রেম জানে, যে শুদ্ধ, তাকে আর শিক্ষা দেওয়ার কিছু থাকে না; আর যে অপরিণত, তাকেই তো প্রেম রূপান্তর করতে আসে।

প্রেম কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নয়, কিন্তু সে-ই আসল বিদ্যালয়। কারণ জীবন তার পাঠ দেয় সম্পর্কের আয়নায়, যেখানে প্রত্যেক চুম্বন একেকটি প্রশ্ন, প্রত্যেক অশ্রু একেকটি উত্তর। প্রেমে যে এসে পড়ে, সে পড়ে যায় অহং থেকে, পড়ে নিজের অজানা গভীরতায়। এই পতন ধ্বংস নয়, আত্ম-উন্মোচনের সূত্র। এখানে কেউ পরাজিত হয় না—জিতে যায় যে নিজেকে চিনতে পারে।

প্রেমের আয়না ভাঙে, কারণ আমরা নিজেদের পুরোটা দেখতে ভয় পাই। তাই মানুষ সম্পর্ক ভেঙে চলে যায়, আয়নার টুকরো ফেলে অন্য নতুন আয়না খোঁজে। কিন্তু প্রতিটি নতুন মুখ, প্রতিটি সম্পর্ক, প্রেমের পাঠশালার একেকটি অধ্যায়—যেখানে শিক্ষক তুমি নিজেই, শিক্ষার্থীও তুমি। অপরজন কেবল আয়না, যার মধ্যে নিজের ছায়া দেখে তুমি শিখতে পারো তোমার অপূর্ণতা।

প্রেম চাই না, যে কেবল টিকে থাকবে; প্রেম চাই, যে রূপান্তর আনবে। প্রতিটি হৃদয়বিদারণ আসলে অভ্যন্তরীণ এক পুনর্জন্ম। সম্পর্ক ভাঙে, কিন্তু আত্মা নতুন প্রশ্ন নিয়ে আবার খোঁজে এক আয়না—যেখানে সে নতুনভাবে নিজেকে আবিষ্কার করতে পারে।

তুমি যদি জানতে, তুমি কে—তবে কেউই তোমাকে ভালোবাসতে পারত না, কারণ সেই রহস্যই প্রেমকে সম্ভব করে তোলে। আমরা একে অপরকে জানি না বলেই প্রেম করি, জানবার বাসনায়, ছুঁয়ে দেখবার আকাঙ্ক্ষায়। আর প্রেম—সে জানে, কাকে কতটুকু শিক্ষা দিতে হবে, কোন আঘাত হবে দরকারি, কোন দূরত্ব হবে মুক্তি।

এই প্রেমের যাত্রা, যেখানে প্রতিটি ভুল সম্পর্ক একেকটি সঠিক শিক্ষার ধাপ, প্রতিটি হারানো সঙ্গী এক নতুন আত্মদর্শনের সুযোগ।

“তাই প্রেম শুধু রোমান্টিক নয়, প্রেম গুরু, প্রেম আয়না, প্রেম পাথেয়। প্রেমে যারা সত্যভাবে পড়ে, তারা আর নিজেদের ফেলে রাখতে পারে না। তারা জেগে ওঠে, জেগে ওঠে তাদের আসল আমি।”

– ফরহাদ ইবনে রেহান

আরো পড়ুনঃ